
দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর গুলশান-২ এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তিনি। এরই মধ্যে বসবাস উপযোগী করে প্রস্তুত করা হয়েছে বাড়িটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তারিখ বলা না হলেও তিনি যে সহসাই দেশে ফিরছেন সে বিষয়ে নিশ্চিত করেছেন তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি। এমনকি গত ৬ অক্টোবর প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কবে দেশে ফিরছেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব দ্রুতই ইনশাআল্লাহ।
জানা গেছে, এখন পর্যন্ত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণার আগে বা ঘোষণার পরপরই তিনি দেশে ফিরতে পারেন। তবে এটি চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করবে সার্বিক পরিস্থিতির ওপর। আর তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন কবে তিনি ফিরবেন।
