
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করছে। ফলে আমাদের এদিকে বাতাস কম। তবে, মোন্থার প্রভাবে মঙ্গলবার রাত থেকে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তরিফুল নেওয়াজ আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে কিংবা বন্দরে বাতাসের গতি কম থাকলেও গভীর সাগরে বাতাসের গতি বেশি। তাই জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আসছে ঘূর্ণিঝড়, যেমন থাকবে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া
এদিকে, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ঘূর্ণিঝড়টি ভারতের স্থলভাগে মঙ্গলবার আঘাত করার পরে দুর্বল হয়ে লঘুচাপ আকারে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তবে, এটি বাংলাদেশের উপকূলে আঘাত করার তেমন সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশের উত্তর ও পশ্চিম দিকের পাঁচটি বিভাগের (খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট) জেলাগুলোর ওপরে ২০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া অবশিষ্ট তিন বিভাগের (ঢাকা, বরিশাল ও চট্রগ্রাম) জেলাগুলোর ওপরে ১০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
