
রাজধানীর জুরাইনে রিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় একদল বখাটে সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় রিকশাচালকের ওপর চড়াও হয় বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা করে তারা।
বুধবার (৮ অক্টোবর) এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
জানা যায়, হামলায় মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন হামজা। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, ২৪’শের আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেওয়ার চেষ্টায় লিপ্ত। তাদের এখনই রুখে দিতে হবে। নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে।
