
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি, বিপাকে যেসব অঞ্চল।
আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
তিনি জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজকের আবহাওয়া
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
