
অসুস্থতার কথা বলে কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পরে তাকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম জিয়ারা খাতুন রোজি। তিনি অষ্টমীর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলা পরিষদসংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
