
ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলো পরিচালনার জন্য গঠিত সরকারের ১১ জন মন্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) হুথি মালিকানাধীন সংবাদ সংস্থা সাবা এ খবর জানিয়েছে।
গত ২৮ আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন- বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ, অর্থনীতিমন্ত্রী মঈন আল-মাহাকরি, কৃষিমন্ত্রী রাদওয়ান আল-রুবাই, পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের, জ্বালানিমন্ত্রী আলী হাসান, সংস্কৃতিমন্ত্রী আলী আল-ইয়াফেই, শ্রমমন্ত্রী সামির বাজালা, তথ্যমন্ত্রী হাশেম শরফ আল-দিন এবং ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আল-মাওলিদ। সেই সঙ্গে মন্ত্রী পদমর্যাদার সরকারি অফিসপ্রধান মোহাম্মদ আল-কাসবি এবং সচিব জাহিদ আল-আমদি প্রাণ হারান।
এর আগে, রুশ বার্তা সংস্থা তাসকে হুথির একটি সূত্র শনিবার প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারর স্থলাভিষিক্ত হয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতাহ।
ইসরায়েলি হামলার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে, হুথি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতিফি বেঁচে গেছেন। তবে বিভিন্ন সূত্রে তার মৃত্যুর খবর এসেছে।
