
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে ২ নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।
বহিষ্কারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল বহন করবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
