
জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা হারিয়েছেন এই গায়ক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আতিফের বাবা মুহাম্মদ আসলাম। প্রিয় শিল্পীর এই দুঃসময় নাড়া দিয়েছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়েও।
পাকিস্তান অবজার্ভার থেকে জানা যায়, আতিফ আসলাম সবসময়ই তার বাবা-মায়ের সঙ্গে গভীর সম্পর্কের কথা খোলাখুলিভাবে বলেছেন। তিনি প্রায়ই উল্লেখ করতেন, বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করতেন। পরিবারের প্রতি তার এই দৃঢ় মূল্যবোধ জীবনের বড় অংশ জুড়ে রয়েছে। বাবার মৃত্যু তার পরিবারে বিশাল শূন্যতা তৈরি করেছে।
মুহাম্মদ আসলামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা আতিফ ও তার পরিবারের জন্য সমবেদনার জানিয়েছে। যদিও আতিফ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তবে তার কাছের মানুষরা অনুরোধ করেছেন যেন এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়।
