
আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কতো বড় কলিজা? তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। আমি অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার বিরুদ্ধে মামলা করব। আপনাকে দেখে নেব।’ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে নিজের নাম না থাকার খবরে ফোনে এভাবেই কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে হুমকি দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া।
বোর্ড চেয়ারম্যানকে ফোনে গফুর ভূঁইয়ার হুমকির অডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় দুই মিনিটের কথোপকথনের পুরো সময়টাই তিনি বোর্ড চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগাল করেন।
জানা গেছে, অডিওটি গত মে মাসের। তবে আজ সকাল থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকে। তবে গফুর ভূঁইয়ার দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে অডিওটি এডিট করে খণ্ডিত অংশ কেউ প্রকাশ করেছে।
আব্দুল গফুর ভূঁইয়া ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) আসন থেকে বিএনপির মনোনয়নে জয় লাভ করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সদস্য পদে আছেন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিএনপিসহ স্থানীয় রাজনৈতিক মহলে চরম বিরোধ ও গ্রুপিং দেখা দেয়। গত ১৭ মে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা বোর্ডে পাঠানো হয়। সেখানে নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন এবং ইসরাত সুলতানা সুমীর নাম প্রস্তাব করা ছিল। পরে বোর্ড থেকে তাদের তিনজনের মধ্যে ড. মীর আবু সালেহ শামসুদ্দীনকে সভাপতি করা হয়। মূলত এ খবর পেয়েই পরদিন ক্ষিপ্ত হয়ে ফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে গালাগাল ও নানা হুমকি দেন গফুর ভূঁইয়া।
