
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই একই মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিকের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান।
ভুক্তভোগী কিশোরী জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদরাসার শিক্ষার্থী।
অভিযোগ রয়েছে, অসুস্থতার কারণে সে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিকের কাছে ঝাড়ফুঁক করাতে গেলে তিনি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন।
