
৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের ভিসা বন্ধ রাখা হয়। সীমিত আকারে মেডিকেল ভিসা চালু থাকলেও ছিলো অনেক জটিলতা।
এর মধ্যেই খবর, ভিসা প্রক্রিয়াকরণের খরচ প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসার আবেদন প্রক্রিয়ার জন্য প্রক্রিয়াকরণ ফি (সার্ভিস চার্জ) ৮২৪ টাকা থেকে একলাফে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকে নতুন এই ফি কার্যকর হবে।
এ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ‘গ্র্যাটিস’ অর্থাৎ কোনো সরকারি ফি নেয়া হয় না। শুধু সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (আইভিএসি) নিজ খরচে সেবা পরিচালনা করে, তাই খরচের সঙ্গে ব্যালেন্স করতে সংস্থাটি ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে।
ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের বিজ্ঞপ্তিতে জানায়, সেবার ব্যয় বেড়ে যাওয়ায় এই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম সার্ভিস চার্জ বাড়ানো হলো।
