
চলতি মাসের শুরু থেকেই দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে নেপাল ও ভারতেও খুবই ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এ অবস্থায় আগামী ৬ থেকে ২৫ আগস্টের মধ্যে পদ্মা নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যার কবলে পড়তে পারে। তবে, হঠাৎ বাংলাদেশে বন্যার আশঙ্কার ব্যাখ্যা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সোমবার (৪ আগস্ট) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে বর্ষা মৌসুমের প্রথম বন্যা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। একইসঙ্গে পদ্মা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
আজ থেকে শুরু করে আগামী ৩ থেকে ৫ দিন নেপাল ও ভারতের উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, উত্তরখণ্ড, মধ্যপ্রদেশ রাজ্যের ওপরে পর্যায়ক্রমে ভারি থেকে খুবই ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামী ৩ থেকে পাঁচদিন ভারতের হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত সকল রাজ্যের ওপরে এই ভারী বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’
