
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’। যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যাপ্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে। এই বৃষ্টিবলয়ে দেশের ওপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টিবাহী এলাকায়।
শনিবার (৩ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
ফেসবুক পোস্টে বলা হয়, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিবলয়ের কারণে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি হতে পারে।
