
সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ঢুকে অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছে হঠাৎই বিলাসী জীবনযাপন শুরু করা জানে আলম অপু ওরফে গৌরব জামান অপু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকাদের নেতৃত্বে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নেতা ছিলেন অপু। চাঁদাবাজির অভিযোগে ইতোমধ্যে তাকে বহিষ্কৃত করা হয়েছে। তবে, পদে থাকা অবস্থায় সমন্বয়ক পরিচয়ে আদায় করা চাঁদার টাকায় আয়েশি জীবন ছিল তার। কিনেছেন ইয়াহামা এফজেড-এক্স ব্র্যান্ডের দামি মোটরসাইকেল। থাকতেন ফ্ল্যাট বাসায়। যদিও চাঁদার টাকা কেনা সেই মোটরসাইকেল রাখতে পারেননি তিনি।
শুক্রবার রাজধানীর গোপীবাগ থেকে অপুকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে নিয়েই অভিযানে নামে গুলশান থানা পুলিশ। অপুর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের নবীনগরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
