
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে বিভিন্ন দেশ থেকে তার দেশের আমদানি করা পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করেছেন। এরমধ্যে বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে দেশটি। অপরদিকে ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যা আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।
এরপরই শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ ইংরেজি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ভারত দীর্ঘদিন ধরেই এ বাজারটি ধরার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে যখন বাংলাদেশের ওপর ট্রাম্প ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায়। কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র।
