দল করে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নড়াইল সদর উপজেলার এক ছাত্রলীগ নেতা। তার নাম সাজ্জাদুল ইসলাম। তিনি উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের আগদিয়া গ্রামে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিক ও লোকজন ডাকেন তিনি। এরপর বালতি ও এক গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করতে করতে কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাজ্জাদুল। একইসঙ্গে ছাত্রলীগ তথা আওয়ামী লীগ এবং আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে রাজনীতি না করার ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু বর্তমান দলটির জ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে আঘাত করেছে। দলের কারণে আমি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, যা আমার আগামীর জন্য মোটেও শুভ হবেনা বলে মনে করি। আমি বিশ্বাস করি, সর্বজ্ঞে মানুষের জীবন, আত্মসম্মান, ব্যক্তিত্ব ও পারিবারিক দায়িত্বই প্রধান কাজ। তাই আমি সজ্ঞানে স্বেচ্ছায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি। আজ থেকে সংগঠনের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
