গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায় স্বীকার করে মামলার রাজসাক্ষী হতে চেয়েছেন ওই সময়ের পুলিশ প্রধান।
জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালকে বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি।
চার্জ গঠনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে জানতে চান, মানবতাবিরোধী অপরাধে আপনি দোষী বা নির্দোষ কিনা? পরে তিনি এই ঘটনার সব দোষ স্বীকার করে মামলার রাজ সাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালে দাখিল করা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হল। পাশাপাশি এ মামলার সব সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

